
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ছয়টি ইউনিয়ন ও সেতাবগঞ্জ পৌরসভার নয়টি ওয়ার্ডের অসহায় ও দরিদ্র ২৫২ পরিবারের মাঝে সরকারি অনুদানের নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে বোচাগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব অর্থ বিতরণ করেন দিনাজপুর-২ (বিরল- বোচাগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।
অনুষ্ঠানে মোট ৩ লাখ ৫২ হাজার টাকা সরকারি অনুদান হিসেবে অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে বিতরণ করা হয়। অনুদান পেয়ে উপকারভোগীরা তাদের প্রয়োজনীয় কাজে অর্থটি ব্যয় করার কথা জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোচাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ হাসান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব আবুল কাসেম, সাধারণ সম্পাদক ও সাবেক ভিপি মো. সফিকুল আলম, সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন, হারিছুল ইসলাম, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাধরুল পারভেজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তৌহিদুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মকর্তারা।
এ সময় বক্তারা বলেন, অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের প্রয়োজনের সময় সহযোগিতা করা সামাজিক ও মানবিক দায়িত্ব। সরকারি সহায়তার মাধ্যমে সুবিধাবঞ্চিত পরিবারগুলো কিছুটা হলেও উপকৃত হবে বলে তারা আশা প্রকাশ করেন।
এর আগে মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার চণ্ডীপুর এলাকায় প্রায় দুই কিলোমিটার পাকা সড়ক নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সংসদ সদস্য সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।
স্থানীয়রা জানান, সড়কটি নির্মাণ হলে দীর্ঘদিনের যোগাযোগ সমস্যা অনেকটাই কমবে এবং এলাকার মানুষের চলাচল ও কৃষিপণ্য পরিবহনে সুবিধা হবে।
বক্তারা উন্নয়নমূলক কর্মকাণ্ড যথাযথভাবে বাস্তবায়নে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন।