
জয়পুরহাটের পাঁচবিবিতে ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৬ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ বছরের প্রতিপাদ্য ছিল—‘দীর্ঘায়ুর যুগ: দীর্ঘ জীবনের জন্য ব্যবস্থাপনা পুনর্বিবেচনা’।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাশপিয়া তাসরিন।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রবীণরা সমাজের বোঝা নন; বরং তাঁরা অভিজ্ঞতা, জ্ঞান ও মূল্যবোধের গুরুত্বপূর্ণ ভাণ্ডার। পরিবার ও সমাজ গঠনে প্রবীণদের অবদান অপরিসীম। তাই তাঁদের প্রতি সম্মান, যত্ন, সেবা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা সবার নৈতিক দায়িত্ব।
বক্তারা আরও বলেন, প্রবীণদের জীবনমান উন্নয়ন ও কল্যাণে সরকারের বিভিন্ন কর্মসূচি চলমান রয়েছে। এর মধ্যে বয়স্ক ভাতা ও সামাজিক নিরাপত্তামূলক বিভিন্ন কার্যক্রম উল্লেখযোগ্য। প্রবীণদের মর্যাদা ও অধিকার নিশ্চিত করতে পরিবার ও সমাজের সবাইকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাহিদ হাসান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সামসুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মো. সাইফুল ইসলাম ডালিম, বন্ধন এনজিওর পরিচালক শফিকুল আলম চৌধুরী বিপ্লবসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও প্রবীণ ব্যক্তিরা।
আলোচনা সভা শেষে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে। এতে প্রবীণ ব্যক্তিসহ অনুষ্ঠানে অংশ নেওয়া বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।