কিশোরগঞ্জ সদর উপজেলার বত্রিশ ৯ নম্বর ওয়ার্ডে মাদকবিরোধী সচেতনতা ও প্রতিরোধে মসজিদ ও মহল্লাভিত্তিক কমিটি গঠন কার্যক্রম শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় নূরানী সড়কে অবস্থিত নূরানী জামে মসজিদে মাদক প্রতিরোধ ও সচেতনতা বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মাদক নিরাময় কমিটি (মানিক)-এর উদ্যোগে আয়োজিত এ সভায় মাদকের ভয়াবহতা, এর ক্ষতিকর প্রভাব এবং যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে সামাজিকভাবে কার্যকর উদ্যোগ গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়। সভায় নূরানী জামে মসজিদভিত্তিক একটি নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
আয়োজকরা জানান, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে মসজিদ, মহল্লা ও স্থানীয় জনগণের সম্মিলিত অংশগ্রহণ নিশ্চিত করাই এ কার্যক্রমের মূল উদ্দেশ্য। নবগঠিত কমিটির মাধ্যমে এলাকায় মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি এবং মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করা হয়।
এ আয়োজন সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতা করায় এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আয়োজকরা। বিশেষভাবে সহযোগিতার জন্য মো. সিরাজুল ইসলাম তুতু ভাইয়ের প্রতি আন্তরিক ধন্যবাদ জানানো হয়।
বক্তারা বলেন, মাদকের ভয়াবহতা থেকে সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে পরিবার, ধর্মীয় প্রতিষ্ঠান, স্থানীয় জনগণ ও সামাজিক সংগঠনগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই একটি মাদকমুক্ত ও নিরাপদ সমাজ গড়ে তোলা সম্ভব।
নবগঠিত আহ্বায়ক কমিটির সফলতা ও কার্যক্রমের জন্য শুভকামনা জানিয়েছেন সংশ্লিষ্টরা।
ই-পেপার
সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান