
লালমনিরহাট সদর উপজেলার বিজিবি ক্যান্টিন মোড়ে জেলার ঐতিহ্যবাহী ভুট্টা উৎপাদনকে তুলে ধরতে ‘ভুট্টা চত্বর’ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে ‘ভুট্টা চত্বরের’ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী এবং লালমনিরহাট-৩ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এমপি।
লালমনিরহাটের কৃষি অর্থনীতিতে ভুট্টার গুরুত্বপূর্ণ ভূমিকা এবং ভুট্টা চাষে জেলার কৃষকদের অবদানকে সামনে রেখে এ চত্বর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্টদের মতে, ‘ভুট্টা চত্বর’ নির্মিত হলে জেলার কৃষি ও ভুট্টা উৎপাদনের ঐতিহ্য নতুনভাবে তুলে ধরার পাশাপাশি এটি স্থানীয়ভাবে একটি গুরুত্বপূর্ণ পরিচিতি ও দর্শনীয় স্থানে পরিণত হতে পারে।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে জেলা পরিষদ প্রশাসক এ কে এম মমিনুল হকসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এদিকে ‘ভুট্টা চত্বর’ নির্মাণের উদ্যোগকে ঘিরে স্থানীয়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। তাদের প্রত্যাশা, নির্মাণকাজ সম্পন্ন হলে এটি লালমনিরহাটের অন্যতম দৃষ্টিনন্দন স্থানে পরিণত হবে এবং জেলার ভুট্টা উৎপাদনের ঐতিহ্যকে দেশবাসীর সামনে তুলে ধরতে ভূমিকা রাখবে।