ময়মনসিংহ বাইপাস সড়কে রাজীব পরিবহনের একটি বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অন্তত সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের চারজন রয়েছেন।
শুক্রবার (২ অক্টোবর) দুপুর ১টা ১৫ মিনিটের দিকে বাইপাস সড়কের বাংলাদেশ ব্যাংকের সামনে পূর্ব গন্দ্রপা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতদের মধ্যে একই পরিবারের চারজন হলেন—জামালপুর সদর উপজেলার নান্দিনা এলাকার দড়ি হামিদপুর গ্রামের রাজমিস্ত্রি মোফাজ্জল হোসেন লেবু (৫০), তার মা রাশিদা বেগম (৭০), মেয়ে মর্জিনা (২৫) এবং মর্জিনার ছেলে মিনাল (৫)। তারা গাজীপুরে কর্মস্থলে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন।
নিহত অপর তিনজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, জামালপুর থেকে ঢাকাগামী রাজীব পরিবহনের একটি বাস বাইপাস সড়কের গন্দ্রপা এলাকায় পৌঁছালে মুক্তাগাছাগামী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলের দিকে রওনা হয়। দুর্ঘটনার পর সড়কটিতে যান চলাচল ব্যাহত হয়।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে নিহতদের পরিচয় শনাক্তসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
ই-পেপার
সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান