রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম :
হাইমচরে মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত, জন্ম-মৃত্যু নিবন্ধনে কৃতিত্বের জন্য গ্রাম পুলিশকে পুরস্কৃত হাইমচরে ৬ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান-মেম্বার প্রার্থীদের সঙ্গে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় ধামইরহাট উপজেলা যুবদলের আহ্বায়ক তৌহিদুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার, নেতা-কর্মীদের মধ্যে আনন্দ রাঙ্গামাটির বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন পুলিশ সুপার আব্দুর রকিব চন্দনাইশে গাছবাড়ীয়া সার্বজনীন হরিমন্দিরে বস্ত্র বিতরণ, উপস্থিত পুলিশ সুপার হাইমচরের সার্বিক উন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে: এমপি শেখ ফরিদ আহমেদ মানিক মানিকগঞ্জে যমুনা নদীতে অভিযান, ৫০ হাজার মিটার কারেন্ট জাল ও ইলিশ জব্দ পাঁচবিবিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, চ্যাম্পিয়ন রনি একাদশ মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার, কারাগারে হরিরামপুরে বিদ্যুৎ সংযোগের ক্যাবল রাখা নিয়ে বিরোধ, মন্দির কমিটির সম্পাদককে পিটিয়ে জখমের অভিযোগ

রৌমারীর ‘মায়ের দোয়া’ নৌকা এখন মানিকগঞ্জে, কালীগঙ্গায় নৌকাবাইচ

-
ফরিদ হোসেন,মানিকগঞ্জ জেলা প্রতিনিধি  / বার্তা পাঠানো হয়েছে
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

কুড়িগ্রামের রৌমারীর ঐতিহ্যবাহী নৌকাবাইচের নৌকা ‘মায়ের দোয়া’ এখন মানিকগঞ্জের কালীগঙ্গা নদীর বেউথা ঘাটে। আগামী শনিবার (৩ অক্টোবর) বেউথা এলাকায় অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী নৌকাবাইচ। এ প্রতিযোগিতায় অংশ নিতে তিন দিনের নদীপথ পাড়ি দিয়ে মানিকগঞ্জে পৌঁছেছে নৌকাটি।

‘মায়ের দোয়া’ নৌকার পরিচালক মজিবুর রহমান জানান, গত ৩০ সেপ্টেম্বর সকালে কুড়িগ্রামের রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাগুয়ারচর গ্রাম থেকে ব্রহ্মপুত্র নদ হয়ে মানিকগঞ্জের উদ্দেশে যাত্রা শুরু করেন তারা। বিভিন্ন নদীপথ পাড়ি দিয়ে তিন দিন পর কালীগঙ্গা নদীর বেউথা ঘাটে পৌঁছান।

তিনি জানান, ভারতের শাল কাঠ দিয়ে তৈরি ‘মায়ের দোয়া’ নৌকাটি এবারই প্রথম কোনো নৌকাবাইচ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। প্রায় ছয় লাখ টাকা ব্যয়ে এক বছর ধরে নৌকাটি তৈরি করা হয়েছে। প্রথমবারের প্রতিযোগিতায় অংশ নিয়েই ভালো ফল করার ব্যাপারে তারা আশাবাদী।

আয়োজক সূত্রে জানা গেছে, এবারের নৌকাবাইচে কুড়িগ্রামের রৌমারী, টাঙ্গাইলের নাগরপুর, পাবনার সাঁথিয়াসহ মানিকগঞ্জের বিভিন্ন উপজেলার মোট ২২টি নৌকা অংশ নেবে। চারটি ক্যাটাগরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এর মধ্যে খেল্লা/গয়ইটা ১০টি, ঘাসি/ছিপা ৫টি, ছান্দি ৪টি এবং পানসি ৩টি নৌকা রয়েছে। পাশাপাশি ৭০ ও ৮০ হাত দীর্ঘ দুটি কলাগাছের ভেলাও প্রতিযোগিতায় অংশ নেবে।

আয়োজকরা জানান, সকাল ১০টায় ঘোষণা মঞ্চ থেকে প্রতিযোগিতায় অংশ নেওয়া নৌকার প্রতিনিধিদের হাতে টোকেন দেওয়া হবে। দুপুর ১২টায় ঘাসি ও খেল্লা নৌকার বাছাইপর্ব শুরু হবে। ছান্দি ও পানসি নৌকাগুলো সরাসরি মূল পর্বের প্রতিযোগিতায় অংশ নেবে।

নৌকাবাইচে অংশগ্রহণকারী নৌকার জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। খেল্লা/গয়ইটা ও ঘাসি নৌকাবাইচে প্রথম পুরস্কার হিসেবে থাকছে ১০০ সিসি মোটরসাইকেল। দ্বিতীয় পুরস্কার ১৬ সিএফটি ফ্রিজ এবং তৃতীয় পুরস্কার ১১ সিএফটি ফ্রিজ। বাছাইপর্বে দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের জন্যও ফ্রিজ পুরস্কারের ব্যবস্থা রয়েছে।

ছান্দি ও পানসি নৌকাবাইচে প্রথম পুরস্কার হিসেবে দুটি ইলেকট্রিক বাইক, দ্বিতীয় পুরস্কার হিসেবে দুটি ১৬ সিএফটি ফ্রিজ এবং তৃতীয় পুরস্কার হিসেবে দুটি ১১ সিএফটি ফ্রিজ দেওয়া হবে। এছাড়া প্রতিটি নৌকার জন্য থাকবে পিতলের কাপ।

এছাড়া ‘যেমন খুশি তেমন সাজো’ প্রতিযোগিতায় অংশ নেওয়া নৌকা ও ব্যক্তিদের জন্য টেলিভিশন, প্রেসার কুকার ও রাইস কুকারসহ বিভিন্ন পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে।

আয়োজকদের তথ্যমতে, মানিকগঞ্জের কালীগঙ্গা নদীর বেউথা ঘাটে অনুষ্ঠিত নৌকাবাইচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য, খাদ্যমন্ত্রী ও জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা। জেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এ নৌকাবাইচে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত এবং মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর।

নৌকাবাইচ পরিচালনা ও ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট আ তা ম জহীর আলম খান লোদীর সভাপতিত্বে এবং সদস্য-সচিব মাসুদ পারভেজের পরিচালনায় অনুষ্ঠানে জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জামিলুর রশিদ খানসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত থাকবেন বলে আয়োজকরা জানিয়েছেন।

রৌমারী থেকে ‘মায়ের দোয়া’ নৌকার অংশগ্রহণকে ঘিরে স্থানীয়দের মধ্যেও উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। ঐতিহ্যবাহী এ নৌকাবাইচে বিভিন্ন এলাকার নৌকার প্রতিযোগিতা দেখতে দর্শনার্থীদের সমাগম হবে বলে আশা করছেন আয়োজকরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews