
মাদারীপুরে একটি বাণিজ্য মেলার আড়ালে র্যাফেল ড্রের নামে লটারির টিকিট বিক্রির অভিযোগ উঠেছে। এতে মেলায় আসা সাধারণ দর্শনার্থীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে অভিযোগ করেছেন কয়েকজন দর্শনার্থী।
দর্শনার্থীদের অভিযোগ, মেলায় প্রবেশের নির্ধারিত মূল্য নেওয়ার কথা বলে অনেকের কাছে র্যাফেল ড্রয়ের টিকিট বিক্রি করা হচ্ছে। এ নিয়ে মেলায় আগত সাধারণ মানুষের মধ্যে নানা প্রশ্ন ও অসন্তোষ দেখা দিয়েছে।
অভিযোগ রয়েছে, মেলা কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত র্যাফেল ড্রয়ের ফলাফল প্রচার করছে। পাশাপাশি বিভিন্ন এলাকায় মাইকিং করেও র্যাফেল ড্রয়ের প্রচারণা চালানো হচ্ছে বলে স্থানীয়দের দাবি।
সচেতন নাগরিকদের প্রশ্ন, র্যাফেল ড্রয়ের নামে এ ধরনের লটারি আয়োজনের আইনগত বৈধতা রয়েছে কি না। বিষয়টি প্রশাসনের পক্ষ থেকে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত বলেও দাবি করেছেন তারা।
স্থানীয়দের অভিযোগ, সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি প্রকাশ্যে প্রচারিত হলেও এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি। এতে সাধারণ মানুষের মধ্যে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে।
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের কাছে দ্রুত তদন্ত করে র্যাফেল ড্রয়ের আয়োজনের বৈধতা যাচাই এবং আইনবহির্ভূত কিছু হয়ে থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন নাগরিকরা।