
সিরাজগঞ্জের শাহজাদপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আকাশ (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ অক্টোবর) রাত আনুমানিক ১২টা ৩৫ মিনিটে উপজেলার বাঘাবাড়ী ব্রিজের দক্ষিণপাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. আকাশ শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বাঘাবাড়ী পূর্বপাড়া গ্রামের আব্দুল মমিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, শাহজাদপুর থানার এসআই (নিঃ) মো. মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, বাঘাবাড়ী ব্রিজের নিচে এক ব্যক্তি ইয়াবা বিক্রি করছেন। পরে রাত আনুমানিক ১২টা ৩৫ মিনিটে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে আকাশ পালানোর চেষ্টা করেন। এ সময় সঙ্গীয় ফোর্সের সহায়তায় পুলিশ তাকে আটক করে।
পুলিশের দাবি, পরে উপস্থিত সাক্ষীদের সামনে জিজ্ঞাসাবাদে আকাশ স্বীকার করেন যে, তিনি তার মনোহরী দোকানের আড়ালে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলেন। এরপর তার দোকানে থাকা একটি সিগারেটের বাক্সের ভেতর থেকে সাদা পলিথিনে মোড়ানো ১৫ পিস ইয়াবা ট্যাবলেট বের করে দেন। উদ্ধার করা ইয়াবার মোট ওজন ১ দশমিক ৫ গ্রাম।
শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, সিরাজগঞ্জের পুলিশ সুপারের নির্দেশনায় শাহজাদপুরকে মাদকমুক্ত করতে পুলিশের জিরো টলারেন্স অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি নিয়মিত টহল ও নজরদারি কার্যক্রমও চলমান থাকবে।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ই-পেপার
সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান