
আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে কিশোরগঞ্জে বেসরকারি টেলিভিশন চ্যানেল আইয়ের ২৮ বছরে পদার্পণ উদযাপন করা হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) রাতে কিশোরগঞ্জ প্রেসক্লাবে চ্যানেল আইয়ের ২৮ বছরে পদার্পণ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে মো. মাজহারুল ইসলাম চ্যানেল আইয়ের দীর্ঘ ২৮ বছরের পথচলা, সাংবাদিকতা এবং দেশের গণমাধ্যমে এর ভূমিকার বিভিন্ন দিক তুলে ধরেন।
প্রধান আলোচক অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন চ্যানেল আইয়ের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা এবং দেশের মানুষের সঙ্গে চ্যানেলটির দীর্ঘদিনের সম্পৃক্ততার বিষয়ে আলোচনা করেন।
কিশোরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এ কে নাসিম খানের সভাপতিত্বে এবং চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি এস কে রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির অধ্যাপক মো. রমজান আলী, আলমগীর সিটি ও কিশোরগঞ্জ প্রেসের চেয়ারম্যান ও পরিচালক মো. শফিকুল আলম শিপলু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সুমন, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির মুখপাত্র আবু হানিফ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী, এনসিপির জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক ইকরাম হোসেন, কিশোরগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি নূর মোহাম্মদসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী ও অতিথিরা।
আলোচনা সভায় বক্তারা চ্যানেল আইয়ের দীর্ঘ পথচলা, দেশের গণমাধ্যমে এর অবদান এবং সংবাদ ও বিভিন্ন অনুষ্ঠান প্রচারের মাধ্যমে দর্শকদের সঙ্গে গড়ে ওঠা দীর্ঘদিনের সম্পর্কের বিভিন্ন দিক তুলে ধরেন।
পরে অতিথিরা কেক কেটে চ্যানেল আইয়ের ২৮ বছরে পদার্পণ উদযাপন করেন। এ সময় চ্যানেল আইয়ের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন উপস্থিত অতিথিরা।
ই-পেপার
সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান