
নওগাঁর ধামইরহাট উপজেলার ঐতিহ্যবাহী গোকুল সুন্দরী বিলের রাস্তার দুপাশে সরকারি জায়গা দখল করে গড়ে ওঠা ১০ থেকে ১৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।
সরকারি জায়গা দখলমুক্ত করা, জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করা এবং বিলের পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্য রক্ষার লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান শেষে ধামইরহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ পারভেজ প্রশাসনের অবস্থান তুলে ধরে বলেন, সরকারি সম্পত্তি দখল করে কোনো ধরনের অবৈধ স্থাপনা নির্মাণ বা দখল করে রাখার সুযোগ নেই। সরকারি সম্পত্তি দখলমুক্ত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।
তিনি বলেন, গোকুল সুন্দরী বিলের রাস্তার দুপাশে অবৈধ স্থাপনা নির্মাণের কারণে সাধারণ মানুষের চলাচল ব্যাহত হচ্ছিল এবং যানবাহন চলাচলেও সমস্যা সৃষ্টি হচ্ছিল। জনদুর্ভোগ লাঘব ও যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক রাখতে এসব স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
প্রশাসন সূত্রে জানা যায়, অবৈধ দখলদারদের এর আগেও মৌখিক ও লিখিতভাবে স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য সতর্ক করা হয়েছিল। নির্ধারিত সময়ের মধ্যে তারা স্থাপনা সরিয়ে না নেওয়ায় আইনানুগ প্রক্রিয়ায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) আরও জানান, গোকুল সুন্দরী বিলের প্রাকৃতিক সৌন্দর্য, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় প্রশাসন সর্বদা সজাগ রয়েছে। সরকারি জায়গা দখল করে কেউ অবৈধ স্থাপনা নির্মাণ করলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
উচ্ছেদ অভিযান চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
এদিকে প্রশাসনের এ উদ্যোগকে সময়োপযোগী ও জনস্বার্থসংশ্লিষ্ট পদক্ষেপ হিসেবে উল্লেখ করে স্থানীয় সচেতন মহল ও সাধারণ মানুষ সন্তোষ প্রকাশ করেছেন। তারা গোকুল সুন্দরী বিলের রাস্তা দখলমুক্ত হওয়ায় স্বস্তি প্রকাশ করেন এবং ভবিষ্যতে যেন পুনরায় কেউ সরকারি জায়গা দখল করতে না পারে, সে বিষয়ে প্রশাসনের নজরদারি অব্যাহত রাখার দাবি জানান।