
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের নন্দইল গ্রামে গ্যাস ট্যাবলেট খেয়ে মো. গোলাম আজম (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের মো. এনামুল হকের ছেলে এবং এক সন্তানের জনক।
পরিবার সূত্রে জানা গেছে, গোলাম আজম দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। পরিবারের সদস্যরা তাকে বাড়িতে শিকল দিয়ে বেঁধে রাখতেন। শনিবার (৩ অক্টোবর) বিকেলে স্থানীয় একটি দোকান থেকে গ্যাস ট্যাবলেট কিনে বাড়িতে নিয়ে যান তিনি। পরে পরিবারের সদস্যদের অগোচরে ওই ট্যাবলেট সেবন করেন।
এরপর অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে দ্রুত জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার (৪ অক্টোবর) সকালে তার মৃত্যু হয়।