জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হাকিমপুর কৈজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে মানববন্ধন করেছেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, অভিভাবক ও এলাকাবাসী। একই সঙ্গে অভিযোগের প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
রোববার বিদ্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শতাধিক অভিভাবক ও এলাকাবাসী অংশ নেন।
লিখিত অভিযোগ ও মানববন্ধনে অংশ নেওয়া ব্যক্তিদের বক্তব্য অনুযায়ী, বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকে সুনামের সঙ্গে পরিচালিত হয়ে আসছিল। তবে বর্তমান প্রধান শিক্ষক দায়িত্ব নেওয়ার পর থেকে বিভিন্ন অনিয়মের কারণে বিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম ও পড়াশোনার পরিবেশ ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেন তারা।
অভিযোগকারীরা বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন ও সুনাম ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। একই সঙ্গে বর্তমান প্রধান শিক্ষককে বদলি করে অন্য শিক্ষক পদায়নের দাবিও জানান তারা।
মানববন্ধন থেকে অভিযোগগুলো তদন্ত করে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য শাহিনুর ইসলাম, বিদ্যুৎসাহী সদস্য রিপন চৌধুরী ও আইয়ুব আলী, শাহজাহান, নাহিদ হাসান, আরিফুল, মিজানুর চৌধুরী এবং দাতা সদস্য শাহাদত হোসেন চৌধুরীসহ অনেকে।
এ বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নওরিন আফরিন বলেন, “প্রধান শিক্ষক ছুটিতে থাকায় আমি দায়িত্ব পালন করছি। উত্থাপিত ঘটনার বিষয়ে আমি তেমন কিছু জানি না।”
পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন বলেন, “অভিযোগ পেয়েছি। বিধিমোতাবেক প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”
ই-পেপার
সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান