
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা ছাত্রলীগের সাবেক পরিবেশবিষয়ক সম্পাদক রিয়াজুল ইসলাম নাঈম (স্বাধীন)কে গ্রেপ্তার করেছে শাহজাদপুর থানা পুলিশ। তিনি ছাত্রলীগের পক্ষে প্রথম মিছিলের নেতৃত্ব দেওয়ার পাশাপাশি বিস্ফোরক মামলাসহ দুটি মামলার এজাহারভুক্ত পলাতক আসামি বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (৩ অক্টোবর) রাতে পৌর শহরের দারিয়াপুর এলাকায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রিয়াজুল ইসলাম নাঈম (স্বাধীন) দারিয়াপুর গ্রামের শরিফুল ইসলাম সাইদুলের ছেলে। তিনি শাহজাদপুর উপজেলা ছাত্রলীগের সাবেক পরিবেশবিষয়ক সম্পাদক ছিলেন।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা রিয়াজুল ইসলাম নাঈম ও তার সহযোগীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করা এবং সরকারবিরোধী বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত থাকার তথ্য পাওয়া যায়। এ তথ্যের ভিত্তিতে তার ওপর নজরদারি বাড়ানো হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, রিয়াজুল ইসলাম নাঈম (স্বাধীন) ছাত্রলীগের পক্ষে প্রথম মিছিলের নেতৃত্ব দিয়েছিলেন। এছাড়া তিনি বিস্ফোরক মামলাসহ দুটি মামলার এজাহারভুক্ত পলাতক আসামি।
ওসি আরও জানান, রোববার (৪ অক্টোবর) তাকে আদালতে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।