বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে মানিকগঞ্জ সদর উপজেলার চারটি ক্যাটাগরিতে আটজন গুণী শিক্ষককে সম্মাননা দেওয়া হয়েছে। সোমবার (৫ অক্টোবর) দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তাঁদের এ সম্মাননা প্রদান করা হয়।
গণসাক্ষরতা অভিযান ও স্থানীয় বেসরকারি সংস্থা পাসারের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সম্মাননাপ্রাপ্ত গুণী শিক্ষকরা হলেন—সুরেন্দ্র কুমার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রুহুল আমীন মিয়া, খাবাশপুর আদর্শ মহাবিদ্যালয়ের প্রভাষক ড. মো. জাহাঙ্গীর আলম, মানিকগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের গণিত বিষয়ের ইন্সট্রাক্টর আবীর হাসান মুকুল, ইলেকট্রনিক বিষয়ের ইন্সট্রাক্টর দেবাশীষ সরকার, মানিকগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ আতিকুর রহমান, চান্দি গোলড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলেয়া বেগম, গড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুন নাহার এবং জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এস এম রাব্বি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমি নাসরিন।
জেলা শিক্ষা কর্মকর্তা আমীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, উপজেলা শিক্ষা কর্মকর্তা নার্গিস সুলতানা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, বেসরকারি সংস্থা পাসারের নির্বাহী পরিচালক মোহাম্মদ ফরিদ খান, প্রথম আলোর প্রতিনিধি আব্দুল মোমিন, গণসাক্ষরতা অভিযানের প্রতিনিধি কামরুন্নাহার কলি এবং সম্মাননাপ্রাপ্ত গুণী শিক্ষকরা।
বক্তারা বলেন, শিক্ষার মানোন্নয়ন, শিক্ষকদের মর্যাদা বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। শিক্ষকদের অবদানের যথাযথ স্বীকৃতি দেওয়া এবং গুণী শিক্ষকদের সম্মাননা প্রদানের মাধ্যমে তাঁদের আরও উৎসাহিত করা প্রয়োজন।
ই-পেপার
সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান