
বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে মাধ্যমিক পর্যায়ে সারাদেশের শ্রেষ্ঠ গুণী শিক্ষক হিসেবে সম্মাননা পেয়েছেন জয়পুরহাট সদর থানা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ সাইফুল ইসলাম।
আক্কেলপুর উপজেলার রামশালা বর্ধমানপাড়া গ্রামের মরহুম মোঃ শহিদুল ইসলামের জ্যেষ্ঠ সন্তান মোঃ সাইফুল ইসলাম দীর্ঘদিন ধরে শিক্ষকতা পেশায় নিয়োজিত রয়েছেন। তাঁর এই অর্জনে নিজ এলাকা ও জয়পুরহাটের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে আনন্দ ও গর্বের সৃষ্টি হয়েছে।
বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে শিক্ষাক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন পর্যায়ের ১০২ জন গুণী শিক্ষককে সম্মাননা দিয়েছে সরকার। সোমবার (৫ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত বিশ্ব শিক্ষক দিবসের আলোচনা সভায় নির্বাচিত শিক্ষকদের হাতে সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সম্মাননার অংশ হিসেবে প্রত্যেক গুণী শিক্ষককে দুই লাখ টাকা, একটি ক্রেস্ট ও সম্মাননা সনদ দেওয়া হয়েছে।
এবার প্রাথমিক পর্যায়ে ১০ জন, মাধ্যমিক পর্যায়ে ২০ জন, কলেজ পর্যায়ে ২৫ জন, সাধারণ বিশ্ববিদ্যালয় পর্যায়ে ২০ জন, চিকিৎসা মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে ১০ জন, কৃষি বিশ্ববিদ্যালয় পর্যায়ে ৩ জন, প্রকৌশল বিশ্ববিদ্যালয় পর্যায়ে ৩ জন এবং অন্যান্য বিশেষায়িত বিশ্ববিদ্যালয় পর্যায়ে ৪ জন শিক্ষককে সম্মাননা দেওয়া হয়। এ ছাড়া প্রধানমন্ত্রীর নির্বাচিত ৭ জন শিক্ষককেও সম্মাননা প্রদান করা হয়েছে।
জাতি গঠনে শিক্ষকদের অসামান্য অবদানের স্বীকৃতি, তাঁদের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠা এবং পেশাগত উন্নয়নের গুরুত্ব তুলে ধরতে প্রতিবছর ৫ অক্টোবর বিশ্বব্যাপী শিক্ষক দিবস পালিত হয়। বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন করা হয়েছে।