লালমনিরহাট জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ ঘিরে পরীক্ষার্থীদের মধ্যে চলছে কঠোর প্রস্তুতি ও প্রশিক্ষণ। এরই ধারাবাহিকতায় পদোন্নতি প্রত্যাশী পুলিশ সদস্যদের অস্থায়ী ক্যাম্প প্রশিক্ষণ সরেজমিনে পরিদর্শন করেছেন লালমনিরহাট জেলার পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান।
সোমবার (৫ অক্টোবর) বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ উপলক্ষে আয়োজিত অস্থায়ী ক্যাম্প প্রশিক্ষণ পরিদর্শন করেন তিনি। এ সময় পরীক্ষা পরিচালনা বোর্ডের সভাপতি হিসেবে পুলিশ সুপার প্রশিক্ষণ কার্যক্রমের বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন এবং পরীক্ষার্থীদের প্রস্তুতির বিষয়ে খোঁজখবর নেন।
এবারের বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় কনস্টেবল থেকে নায়েক ও এটিএসআই, নায়েক থেকে এএসআই (সশস্ত্র), এটিএসআই থেকে টিএসআই এবং এএসআই (সশস্ত্র) থেকে এসআই (সশস্ত্র) পদে পদোন্নতির জন্য পুলিশ সদস্যরা অংশগ্রহণ করছেন।
প্রশিক্ষণ পরিদর্শনকালে পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান পরীক্ষার্থীদের শৃঙ্খলা ও নিয়ম-কানুন মেনে চলার পাশাপাশি প্রশিক্ষণে সর্বোচ্চ মনোযোগ দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে বিভাগীয় পদোন্নতি পরীক্ষার প্রস্তুতিতে কোনো ধরনের ঘাটতি না রাখার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
এ সময় বিভাগীয় পদোন্নতি পরীক্ষা পরিচালনা বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শাহাদত হোসেন সুমা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), লালমনিরহাট; মোঃ গোলাম মোর্শেদ, সহকারী পুলিশ সুপার, নাগেশ্বরী সার্কেল, কুড়িগ্রাম এবং মোঃ মির্জা সাজ্জাদ আলম, আরআই, পুলিশ লাইন্স, লালমনিরহাট।
এ ছাড়া লালমনিরহাট জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও পুলিশ সদস্য এবং বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
কঠোর প্রশিক্ষণ, শৃঙ্খলা ও যোগ্যতার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কাঙ্ক্ষিত পদোন্নতি অর্জনের লক্ষ্যে পরীক্ষার্থীদের প্রস্তুতিতে অস্থায়ী ক্যাম্পে ছিল প্রাণচাঞ্চল্য ও কর্মব্যস্ত পরিবেশ।
ই-পেপার
সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান