
কুড়িগ্রাম ও লালমনিরহাট সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ২১ কেজি ভারতীয় গাঁজা, ৭২ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করেছে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, ৪ অক্টোবর রাত ১টা ১৫ মিনিটে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার গোড়কমণ্ডল শয়তানের মোড় এলাকায় গোড়কমণ্ডল বিওপির একটি টহলদল অভিযান পরিচালনা করে। এ সময় কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকে ধাওয়া করলে তারা মালামাল ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ২১ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়।
অন্যদিকে, একই দিন রাত সাড়ে ৯টার দিকে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি এলাকায় বনচৌকি বিওপির টহলদল অভিযান পরিচালনা করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি একটি মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে ৭২ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি এপাচি ১৬০ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়।
১৫ বিজিবি সূত্রে আরও জানা যায়, জব্দ করা ২১ কেজি গাঁজার সিজার মূল্য ৭৩ হাজার ৫০০ টাকা, ৭২ বোতল ইস্কাপ সিরাপের মূল্য ২৮ হাজার ৮০০ টাকা এবং মোটরসাইকেলটির মূল্য ১ লাখ ৮৫ হাজার টাকা। সব মিলিয়ে জব্দ করা মালামালের সিজার মূল্য ২ লাখ ৮৭ হাজার ৩০০ টাকা।
লালমনিরহাট ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি জানান, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। চোরাচালান ও মাদকপাচারের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।