জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার শিরতা গ্রামে এক কৃষকের বাড়ি থেকে অবৈধভাবে মজুত করা ৭৬ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকেলে উপজেলা প্রশাসনের অভিযানে এসব সার জব্দ করা হয়।
জানা গেছে, জেলা জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর দেওয়া গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার শিরতা গ্রামে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাশপিয়া তাসরিন। অভিযানের সময় কৃষক রমজানের বাড়িতে মজুত করে রাখা বিপুল পরিমাণ সার পাওয়া যায়।
পরে প্রশাসনের উপস্থিতিতে ওই বাড়ি থেকে মোট ৭৬ বস্তা সার জব্দ করা হয়। একই সঙ্গে কৃষকের কৃষি উপকরণ সহায়তা কার্ডে উল্লেখ করা জমির পরিমাণ যাচাই করা হয়। যাচাই-বাছাই শেষে কার্ডে উল্লেখিত জমির পরিমাণ সংশোধন করে প্রকৃত জমির পরিমাণ অন্তর্ভুক্ত করা হয়েছে।
সূত্র জানায়, কৃষি উপকরণ সহায়তা কার্ডে কৃষক রমজানের নিজস্ব ২৫ শতাংশ জমি এবং পত্তন নেওয়া ৪ একর জমিতে চাষাবাদ করার তথ্য উল্লেখ ছিল। তবে অভিযানের সময় তার বাড়িতে বিপুল পরিমাণ সার মজুত পাওয়ায় বিষয়টি প্রশাসনের নজরে আসে।
পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাশপিয়া তাসরিন জানান, সার মজুতের বিষয়ে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ৭৬ বস্তা সার জব্দ করা হয়েছে। জব্দ করা সার স্থানীয় ইউনিয়ন পরিষদে সংরক্ষণ করা সম্ভব হলে সেখানে রাখা হবে, অন্যথায় থানায় নেওয়া হবে।
তিনি আরও জানান, এ বিষয়ে উপজেলা প্রশাসনের অভিযান চলমান রয়েছে। অভিযান শেষে সার জব্দের বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।
সার মজুত ও কৃষকদের মধ্যে সারের সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
ই-পেপার
সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান