
জয়পুরহাটে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ৫০ বোতল Eskuf (এসকাফ) সিরাপসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (৬ অক্টোবর) রাত আনুমানিক ৮টা ২৫ মিনিটে জয়পুরহাট সদর থানাধীন চকবরকত ইউনিয়নের খাস পাহনন্দা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় এবং ডিবি পুলিশের অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই আব্দুল্লাহ নোমান, এসআই শাখাওয়াত হোসেন, এএসআই (নিরস্ত্র) মো. সাজেদুল ইসলাম, এএসআই (নিরস্ত্র) আসাদুজ্জামান, এএসআই (নিরস্ত্র) সোহেল রানা, কনস্টেবল রাকিবুল ইসলাম ও কনস্টেবল পারভেজ মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে খাস পাহনন্দা গ্রামের জনৈক সুদেব মাহাতোর বাড়ির পাশের চলাচলের কাঁচা রাস্তা থেকে তিনজনকে আটক করা হয়। তারা হলেন—পাঁচবিবি উপজেলার চেচড়া গ্রামের মৃত আব্দুল মাজেদের ছেলে মো. মিজানুর রহমান (২৮), ত্রিপুড়া গ্রামের মৃত ইসলামের ছেলে মো. জামাল খান (৪৭) এবং চেচড়া গ্রামের মৃত আপেল উদ্দিনের ছেলে মো. আব্দুর রশিদ (৪৫)।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের হেফাজত থেকে ৫০ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।