মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়কের জাগীর এলাকায় বালুবাহী ট্রাকের ধাক্কায় সোনাই বেগম (২৬) নামে এক নারী নিহত হয়েছেন।
মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার জাগীর এলাকায় এসিআই ফ্যাক্টরির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সোনাই বেগম জাগীর বেপারীপাড়া এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, সোনাই বেগম আত্মীয়ের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। পরে জাগীর এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় একটি বালুবাহী ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাকটি নিয়ে চালক দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
খবর পেয়ে গোলড়া হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ স্থানীয় সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
স্থানীয়রা দুর্ঘটনার জন্য দায়ী ট্রাক ও চালককে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
ই-পেপার
সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান