লালমনিরহাটের পাটগ্রাম পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের গরুহাটি রেলগেট থেকে স্টেশন রেলগেট পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটির সংস্কার ও প্রশস্তকরণ কাজের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে এ উন্নয়নকাজের উদ্বোধন করেন পাটগ্রাম পৌর বিএনপির সভাপতি মোস্তাফা সালাউদ্দিন ওপেল। এ সময় স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিসহ পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
গরুহাটি রেলগেট থেকে স্টেশন রেলগেট পর্যন্ত সড়কটি পাটগ্রাম পৌর এলাকার মানুষের দৈনন্দিন চলাচলের অন্যতম গুরুত্বপূর্ণ পথ। দীর্ঘদিন ধরে সড়কের বিভিন্ন স্থানে খানাখন্দ ও ভাঙাচোরা অবস্থার পাশাপাশি পর্যাপ্ত প্রশস্ততা না থাকায় পথচারী ও যানবাহন চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছিল। বর্ষা মৌসুমে এ ভোগান্তি আরও বেড়ে যেত বলে স্থানীয়রা জানান।
সড়কটির সংস্কার ও প্রশস্তকরণের উদ্যোগ নেওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। তাদের আশা, কাজটি সম্পন্ন হলে গরুহাটি রেলগেট থেকে স্টেশন রেলগেট পর্যন্ত যানবাহন চলাচল আরও স্বাভাবিক হবে। একই সঙ্গে ব্যবসায়ী, শিক্ষার্থী, চাকরিজীবী, রোগী ও সাধারণ পথচারীদের দীর্ঘদিনের দুর্ভোগ কমবে।
উদ্বোধনকালে উপস্থিত নেতৃবৃন্দ ও স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা বলেন, একটি এলাকার সার্বিক উন্নয়নে উন্নত যোগাযোগব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সড়কটির সংস্কার ও প্রশস্তকরণ হলে শুধু যান চলাচল সহজ হবে না, এলাকার ব্যবসা-বাণিজ্য ও সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক প্রভাব পড়বে।
স্থানীয় বাসিন্দারা বলেন, দীর্ঘদিনের প্রত্যাশিত সড়ক সংস্কারকাজ শুরু হওয়ায় তারা আনন্দিত। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে কাজটি দ্রুত, টেকসই ও মানসম্মতভাবে সম্পন্ন করার দাবি জানান।
এ সময় পাটগ্রাম পৌর বিএনপির নেতৃবৃন্দ বলেন, জনগণের প্রয়োজন ও দুর্ভোগকে গুরুত্ব দিয়ে এলাকার যোগাযোগব্যবস্থার উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার চেষ্টা করা হচ্ছে। জনসাধারণের চলাচলের সুবিধা নিশ্চিত করতে ভবিষ্যতেও প্রয়োজনীয় উদ্যোগ অব্যাহত থাকবে।
সড়কটির সংস্কার ও প্রশস্তকরণ কাজের উদ্বোধনকে ঘিরে স্থানীয়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। উপস্থিত নেতাকর্মী ও এলাকাবাসী উন্নয়নকাজের সফল বাস্তবায়ন কামনা করেন।
ই-পেপার
সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান