বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নে পাহাড় ও টিলা কাটার দায়ে ১৩টি ইটভাটাকে মোট ২৯ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বান্দরবান জেলা প্রশাসন ও লামা উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা করা হয়।
সোমবার (৫ অক্টোবর) দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ফাইতং ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন এবং বান্দরবান সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার হোসেন।
অভিযান সূত্রে জানা যায়, পাহাড় ও টিলা কেটে ইটভাটার কার্যক্রম পরিচালনার অভিযোগে ১৩টি ইটভাটার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। এ সময় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৬(খ) ধারা লঙ্ঘনের দায়ে ১৫(১)(৫) ধারা এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩-এর ১৫ ধারায় সংশ্লিষ্ট ইটভাটাগুলোকে জরিমানা করা হয়।
লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন বলেন, “পরিবেশ ও জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
ই-পেপার
সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান