
ফেনীতে দুর্গাপূজায় মদ্যপ অবস্থায় নাচানাচি বা বিশৃঙ্খলা করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে সতর্ক করেছেন জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দুর্গাপূজা উদ্যাপন উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় তিনি এ কথা বলেন।
পুলিশ সুপার বলেন, ফেনী সীমান্তবর্তী জেলা হওয়ায় এখানে মদ ও হুইস্কির প্রাদুর্ভাব তুলনামূলক বেশি। পূজার সময় কেউ মদ্যপ অবস্থায় নাচানাচি বা মাতলামি করে পরিবেশ নষ্ট করলে তাকে আটক করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, “পূজার মধ্যে কেউ মদ খেয়ে নাচানাচি করলে কোনো ছাড় দেওয়া হবে না। তাকে ঘাড় ধরে নিয়ে আসা হবে। পরে পুলিশের মেডিকেল টিমের মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
প্রত্যুষ কুমার মজুমদার আরও বলেন, “দুই-একজন মদ্যপ অবস্থায় মাতলামি করে পূজার পরিবেশ নষ্ট করে। তাদের দেখাদেখি অন্যরাও এ ধরনের কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে পারে। তাই এসব কর্মকাণ্ড পুলিশ কঠোর হাতে দমন করবে।”
তিনি বলেন, নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদ্যাপন নিশ্চিত করতে পুলিশের দায়িত্ব রয়েছে এবং পুলিশ তা যথাযথভাবে পালন করবে। গুরুত্বপূর্ণ পূজামণ্ডপগুলোতে পুলিশের নজরদারি বাড়ানো হবে। বিশেষ করে শহরকেন্দ্রিক পূজামণ্ডপগুলোর নিরাপত্তায় দেওয়া হবে বাড়তি গুরুত্ব।
এ ছাড়া প্রতিমা তৈরির সময় থেকেই সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান পুলিশ সুপার। তিনি পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে আয়োজক ও সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেন।