
জয়পুরহাটের পাঁচবিবিতে উপজেলা পরিষদের অর্থায়নে দুস্থ ও অস্বচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল এবং এক অসহায় ব্যক্তিকে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে পাঁচবিবি উপজেলা কার্যালয়ে শিক্ষার্থীদের হাতে বাইসাইকেল তুলে দেওয়া হয়। বাইসাইকেল বিতরণ করেন জয়পুরহাট জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক যাদব সরকার।
এ সময় উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন ও সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হাসান। পরে তারা একজন অসহায় ও শারীরিকভাবে প্রতিবন্ধী ব্যক্তির হাতে একটি হুইলচেয়ার তুলে দেন।
বাইসাইকেল বিতরণের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন শিক্ষার্থীদের পড়াশোনার খোঁজখবর নেন। তিনি নিয়মিত পড়াশোনা করে ভালো ফলাফল অর্জনের জন্য শিক্ষার্থীদের উৎসাহিত করেন।
উপজেলা পরিষদের এমন উদ্যোগে শিক্ষার্থীদের যাতায়াতের সমস্যা কিছুটা লাঘবের পাশাপাশি তাদের পড়াশোনার প্রতি আগ্রহ ও উৎসাহ আরও বাড়বে বলে সংশ্লিষ্টরা মনে করেন।