
বান্দরবান পার্বত্য জেলা প্রশাসকের কার্যালয়ে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
৭ অক্টোবর জেলা প্রশাসক মোঃ সানিউল ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ ওহাবুল ইসলাম খন্দকার, জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রতিনিধিরা।
সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে সার্বিক প্রস্তুতি, নিরাপত্তাব্যবস্থা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ বিভিন্ন বিষয়ে তাদের বক্তব্য ও মতামত তুলে ধরেন।
সভায় পুলিশ সুপার বলেন, শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। বান্দরবান পার্বত্য জেলায় সবার সহযোগিতায় সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপন নিশ্চিত করতে জেলা পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবে।
তিনি বলেন, পূজামণ্ডপগুলোতে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধে পুলিশ সদস্যদের সতর্ক ও দায়িত্বশীলভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।
এ সময় তিনি পূজা উদযাপন পরিষদ, মণ্ডপ কমিটি এবং সর্বস্তরের জনগণের প্রতি আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশকে সার্বিক সহযোগিতা করার আহ্বান জানান।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, সবার সম্মিলিত সহযোগিতায় শারদীয় দুর্গাপূজা-২০২৬ বান্দরবানে শান্তিপূর্ণ, নিরাপদ ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হবে।