কুড়িগামের ভূরুঙ্গামারীতে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেব নাথ।
সভায় উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং সাংবাদিকরা অংশ নেন।
সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জামিলুর রহমান, ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিম উদ্দিন, বিভিন্ন ইউনিয়নের বিজিবি (বিওপি) ক্যাম্পের সুবেদাররা, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মন্ডল, উপজেলা দুর্গাপূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শ্রী কার্তিক চন্দ্র সাহা এবং উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মো. ফেরদৌস ইসলামসহ বিভিন্ন পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকরা।
সভায় আসন্ন দুর্গাপূজা উপলক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা বিভিন্ন নির্দেশনা সম্পর্কে সংশ্লিষ্টদের অবহিত করা হয়। পূজা চলাকালে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পূজা মণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা, দর্শনার্থীদের নিরাপদ চলাচল এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এছাড়া পূজা মণ্ডপের আশপাশে যানজট নিয়ন্ত্রণ, সড়কে মানুষের নিরাপদ চলাচল, বিদ্যুৎ ও অগ্নিনিরাপত্তা নিশ্চিত করা, স্বেচ্ছাসেবকদের ভূমিকা এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
সভায় জানানো হয়, এ বছর ভূরুঙ্গামারী উপজেলায় মোট ১৯টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। প্রতিটি মণ্ডপে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ বজায় রাখতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানানো হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অমৃত দেব নাথ বলেন, দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে উপজেলা প্রশাসন, পুলিশ, বিজিবি, জনপ্রতিনিধি, পূজা উদযাপন কমিটি ও স্থানীয় জনগণের সমন্বিত সহযোগিতা প্রয়োজন। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সেজন্য সবাইকে সতর্ক ও দায়িত্বশীল থাকার আহ্বান জানান তিনি।
সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন পূজা মণ্ডপের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভা শেষে সম্প্রীতি, সৌহার্দ্য ও শান্তিপূর্ণ পরিবেশে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপনের প্রত্যাশা ব্যক্ত করা হয়।
ই-পেপার
সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান