
লালমনিরহাট জেলা পুলিশের শৃঙ্খলা, পেশাদারিত্ব ও দায়িত্ব পালনের সক্ষমতা যাচাইয়ের লক্ষ্যে জাঁকজমকপূর্ণ মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। পুলিশ লাইন্স মাঠে আয়োজিত এ প্যারেডে জেলা পুলিশের সদস্যরা তাদের দক্ষতা, শৃঙ্খলা ও পেশাগত প্রস্তুতির অনন্য দৃষ্টান্ত তুলে ধরেন।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ৮টায় লালমনিরহাট পুলিশ লাইন্স মাঠে অফিসার ও ফোর্সের সমন্বয়ে আয়োজিত মাস্টার প্যারেডে কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন লালমনিরহাটের পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান।
প্যারেড অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) এ কে এম ফজলুল হক। সহ-অধিনায়ক ছিলেন পুলিশ লাইন্সের আরআই ইন্সপেক্টর (সশস্ত্র) মোঃ মির্জা সাজ্জাদ আলম।
জেলা পুলিশের ছয়টি সুসজ্জিত কন্টিনজেন্ট ও ব্যান্ডদলের মনোমুগ্ধকর প্যারেড প্রদর্শনে পুলিশ লাইন্স মাঠে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এ সময় পুলিশ সুপার প্যারেডের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করে সদস্যদের মাঠপর্যায়ের দক্ষতা, শৃঙ্খলা ও প্রস্তুতি মূল্যায়ন করেন।
প্যারেড শেষে চৌকস ও দক্ষ পুলিশ সদস্যদের পুরস্কৃত করেন পুলিশ সুপার। এ সময় তিনি পুলিশ সদস্যদের উদ্দেশে বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে জনবান্ধব পুলিশিং কার্যক্রম আরও গতিশীল করার নির্দেশ দেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ শাহাদত হোসেন সুমা, জেলার সব থানার অফিসার ইনচার্জ, বিভিন্ন পুলিশ ফাঁড়ির ইনচার্জসহ লালমনিরহাট জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যরা।
মাস্টার প্যারেডের মাধ্যমে জেলা পুলিশের সদস্যদের মধ্যে দায়িত্ববোধ, শৃঙ্খলা ও পেশাগত উৎকর্ষ আরও বৃদ্ধি পেয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।
ই-পেপার
সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান