লালমনিরহাটের কালীগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে একটি বাড়ি থেকে ৫৬ বস্তা রাসায়নিক সার জব্দ করা হয়েছে। এ ঘটনায় অবৈধভাবে সার মজুতের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে উপজেলার ৩ নম্বর তুষভান্ডার ইউনিয়নের চর বৈরাতি গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি দল ওই এলাকার জামাল মাস্টারের বাড়িতে তল্লাশি চালায়। এ সময় বাড়ি থেকে ইউরিয়া, ডিএপি ও এমওপি (পটাশ) সারসহ মোট ৫৬ বস্তা রাসায়নিক সার উদ্ধার করা হয়।
অভিযানের খবর পেয়ে কালীগঞ্জ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধভাবে সার মজুতের অভিযোগে ১৫ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়। জব্দ করা সার সরকারি হেফাজতে নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সংশ্লিষ্টরা জানান, কৃষকদের জন্য নির্ধারিত সার নিয়ে অনিয়ম, অবৈধ মজুত কিংবা কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করা হলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কৃষকদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
স্থানীয় কৃষকরা প্রশাসনের এ অভিযানকে স্বাগত জানিয়েছেন। তাঁদের মতে, সার নিয়ে কোনো ধরনের কারসাজি হলে প্রকৃত কৃষকরা ক্ষতিগ্রস্ত হন। তাই বাজারে সারের সরবরাহ ও মূল্য পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত নজরদারি এবং অভিযান পরিচালনার দাবি জানান তাঁরা।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ জানিয়েছে, অনিয়ম ও অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে। জব্দ করা সার বর্তমানে প্রশাসনের তত্ত্বাবধানে রয়েছে এবং এ বিষয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
ই-পেপার
সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান