সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নবনির্মিত আধুনিক ল্যাবরেটরি ও ব্রেস্ট ফিডিং কর্নারের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সহধর্মিণী স্থপতি ফাহমিদা মুহিত।
শুক্রবার (৯ অক্টোবর ২০২৬) সকাল ১১টায় স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছালে স্থানীয় নেতাকর্মী ও স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীরা ফুলের তোড়া দিয়ে প্রতিমন্ত্রীকে বরণ করে নেন। পরে তিনি নবনির্মিত আধুনিক ল্যাবরেটরি ও ব্রেস্ট ফিডিং কর্নারের উদ্বোধন করেন।
উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত জানান, এখন থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই স্বাস্থ্যসেবার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসাপত্র সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যাবে। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রীর একান্ত ব্যক্তিগত সহকারী আল মামুন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাসুদ রানা, শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. হাফিজুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মো. ফরিদুল ইসলাম এবং শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম।
এ ছাড়া স্থানীয় রাজনৈতিক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইকবাল হোসেন হিরু, সাবেক সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ, পৌর বিএনপির সাবেক সভাপতি ইমদাদুল হক নওশাদ, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আইয়ুব আলী, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ও গাড়াদহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল জব্বার, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আলী, পোতাজিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাম তালুকদার চুন্নু এবং ৩ নম্বর পোতাজিয়া ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল হাসিব মিয়া।
আধুনিক ল্যাবরেটরি ও ব্রেস্ট ফিডিং কর্নার চালুর ফলে স্থানীয় পর্যায়ে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং মা ও শিশুর জন্য স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
ই-পেপার
সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান