
কুমিল্লার হোমনায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ‘আমির হার্ডওয়্যার অ্যান্ড ইলেকট্রিক’ নামের একটি প্রতিষ্ঠানের গোডাউনের অধিকাংশ মালামাল পুড়ে ও গলে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন প্রতিষ্ঠানটির মালিক মো. আমির হোসেন। শুক্রবার (৯ অক্টোবর) দুপুর ১টার দিকে পৌর এলাকার সিনাইয়া রোডে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে হোমনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দুটি ইউনিটে ভাগ হয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তাঁরা। তবে ততক্ষণে গোডাউনে থাকা বিভিন্ন আকারের প্লাস্টিকের পাইপ, পানির ট্যাংক, ইলেকট্রিক ক্যাবল, এনার্জি বাল্বসহ বিপুল পরিমাণ মালামাল পুড়ে ও আগুনের তাপে গলে যায়।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানটি পরিদর্শন করেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য এবং জাতীয় সংসদের শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া।
এ সময় তিনি প্রতিষ্ঠানের মালিক মো. আমির হোসেনের সঙ্গে কথা বলেন এবং তাঁর সার্বিক খোঁজখবর নেন। আইনি সহযোগিতা নেওয়া হলে প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেবেন বলেও আশ্বাস দেন তিনি।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আমির হোসেন অভিযোগ করে বলেন, “একটি চক্র পরিকল্পিতভাবে আমাকে পথে বসানোর জন্য উঠে-পড়ে লেগেছে। কিছুদিন আগেও দোকানের একই স্থানে আগুন লাগানো হয়েছিল। তবে তখন ক্ষয়ক্ষতি এতটা ভয়াবহ ছিল না। এবার চোখের পলকেই সব শেষ হয়ে গেছে।”
তিনি আরও বলেন, এখনো মালামালের ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব করা হয়নি। তবে প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ প্রায় কোটি টাকা হতে পারে বলে ধারণা করছেন তিনি।
এদিকে, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এটি দুর্ঘটনা, নাকি পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়েছে, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।