জয়পুরহাটের আক্কেলপুরে ট্রেনে কাটা পড়ে আতাহার আলী (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার (১০ অক্টোবর) ভোরে আক্কেলপুর মহিলা কলেজের দক্ষিণ পাশে ২৭৬ নম্বর রেলসেতুর ওপর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আতাহার আলী আক্কেলপুর উপজেলার রুকিন্দিপুর ইউনিয়নের কানুপুর গ্রামের মৃত দশরত মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোরে প্রাতঃভ্রমণে বের হওয়া কয়েকজন ব্যক্তি রেলসেতুর ওপর মরদেহটি পড়ে থাকতে দেখেন। এ সময় তাঁর পরনে গোলাপি রঙের পাঞ্জাবি ও লুঙ্গি ছিল। মরদেহের পাশে একটি কালো কাপড়ের ব্যাগ ও একটি ধাতব লাঠি পড়ে ছিল। পরে স্থানীয়রা বিষয়টি আক্কেলপুর রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষকে জানান।
স্থানীয় বাসিন্দা আব্দুল মোমিন বলেন, সকালে হাঁটতে বের হয়ে তিনি রেলসেতুর ওপর বৃদ্ধের মরদেহ দেখতে পান। তাঁর ধারণা, গভীর রাতে কোনো এক সময় ট্রেনে কাটা পড়ে ওই বৃদ্ধের মৃত্যু হয়ে থাকতে পারে।
তবে কীভাবে এবং কোন ট্রেনে কাটা পড়ে তাঁর মৃত্যু হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
ই-পেপার
সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান