জয়পুরহাটের ক্ষেতলালে শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ, উৎসবমুখর ও সুশৃঙ্খল পরিবেশে উদযাপনের লক্ষ্যে তিন উপজেলার পূজামণ্ডপ কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) বিকেলে ক্ষেতলাল উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। এতে কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা অংশ নেন।
ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জাকির মুন্সির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী মোঃ আব্দুল বারী, এমপি।
সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে পূজামণ্ডপগুলোর নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় পূজামণ্ডপ কমিটির নেতারা তাঁদের বিভিন্ন মতামত ও প্রস্তাব তুলে ধরেন।
সভায় উপস্থিত ছিলেন ক্ষেতলাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আব্দুর রউফ, ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম, আক্কেলপুর উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান কমল, পৌর বিএনপির সভাপতি আফাজ উদ্দিন, কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন ফকির ও যুগ্ম আহ্বায়ক মওদুদ আহমেদ।
এ ছাড়া ক্ষেতলাল উপজেলা বিএনপির সভাপতি খালেদুল মাসুদ আঞ্জুমান, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, পৌর বিএনপির সভাপতি প্রভাষক আব্দুল আলীম, সাধারণ সম্পাদক নাফেউল হাদী মিঠু এবং পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকির চৌধুরীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সংশ্লিষ্ট সবার সমন্বিত উদ্যোগের মাধ্যমে ধর্মীয় উৎসবটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করা হয়।
ই-পেপার
সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান