জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় বিয়ের দাবিতে এক গৃহবধূর অনশনকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) উপজেলার মামুদপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দুর্গাপুর নগরপাড়া এলাকায় প্রবাসফেরত এক ব্যক্তির বাড়িতে অনশনে বসেন লাকী নামের দুই সন্তানের জননী ওই গৃহবধূ।
স্থানীয় সূত্রে জানা যায়, লাকী একজন প্রবাসীর স্ত্রী। তিনি একই এলাকার প্রবাসফেরত নাসির উদ্দীন হাবুর বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান নেন। খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে স্থানীয় লোকজনের ভিড় জমে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ওই গৃহবধূ নাসির উদ্দীন হাবুর বাড়িতে অবস্থান করছেন। তবে বাড়ির প্রধান ফটকে তালা ঝুলছিল এবং বাড়িতে কাউকে পাওয়া যায়নি।
অনশনরত লাকীর দাবি, নাসির উদ্দীন হাবুর সঙ্গে তাঁর পরিচয় ও সম্পর্কের সময়কাল মাত্র এক সপ্তাহ। এ সময়ের মধ্যে তাঁদের একবার শারীরিক সম্পর্ক হয় বলে তিনি জানান। তাঁর অভিযোগ, ওই সম্পর্ক জোরপূর্বক স্থাপন করা হয়েছিল। তবে এ অভিযোগের বিষয়ে নাসির উদ্দীন হাবুর বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে আরও জানা যায়, গত ৭ অক্টোবর রাত থেকে বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে দেনদরবার চলছিল। একপর্যায়ে নাসির উদ্দীন হাবু বিয়েতে সম্মতি দিয়েছিলেন বলে স্থানীয়ভাবে জানা গেছে। তবে পরদিন সকাল থেকে তাঁকে বাড়িতে পাওয়া যায়নি।
এদিকে, ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন কয়েকজন স্থানীয় বাসিন্দা। তাঁদের মতে, বিষয়টির সুষ্ঠু ও সম্মানজনক সমাধান হওয়া প্রয়োজন। বিয়েতে সম্মত না হলে নাসির উদ্দীন হাবুকে গ্রামে বসবাস করতে দেওয়া হবে না বলেও মন্তব্য করেছেন স্থানীয়দের কেউ কেউ।
ঘটনাটি নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনা চলছে। তবে অভিযোগের সত্যতা যাচাই এবং প্রকৃত ঘটনা উদ্ঘাটনে সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য নেওয়া জরুরি। একই সঙ্গে কোনো ধরনের চাপ বা সামাজিক হুমকির পরিবর্তে আইনসম্মত প্রক্রিয়ায় বিষয়টির সমাধান হওয়া উচিত বলে মনে করছেন সচেতন মহল।
ই-পেপার
সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান