
‘জীবনের অভিজ্ঞতা শুনি, সত্যিকারের কথা, সত্যিকারের পরিবর্তন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন করেছে সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজড (সিআরপি)। দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধি, সামাজিক সংকোচ দূর করা এবং মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহানুভূতিশীল আচরণের আহ্বান জানানো হয়।
শনিবার (১০ অক্টোবর) মানিকগঞ্জ সিআরপি কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস।
সিআরপির অধ্যক্ষ ও ভারপ্রাপ্ত কেন্দ্র ব্যবস্থাপক মো. মাহবুবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন সিনিয়র ফিজিওথেরাপিস্ট সাদ্দাম হোসেন।
অকুপেশনাল থেরাপি বিভাগের ইনচার্জ নীপা মোনালিসার সঞ্চালনায় অনুষ্ঠানে মানসিক স্বাস্থ্যসেবা বিষয়ে একটি প্রামাণ্যচিত্র উপস্থাপন করেন ইন্টার্ন অকুপেশনাল থেরাপিস্ট সুমাইয়া আক্তার।
প্রধান অতিথির বক্তব্যে জাহাঙ্গীর আলম বিশ্বাস বলেন, “মানসিক স্বাস্থ্য মানুষের সামগ্রিক সুস্থতার অবিচ্ছেদ্য অংশ। শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াও অত্যন্ত জরুরি। উদ্বেগ, বিষণ্নতা ও মানসিক চাপসহ বিভিন্ন সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহানুভূতিশীল আচরণ, তাঁদের কথা মনোযোগ দিয়ে শোনা এবং প্রয়োজন অনুযায়ী পেশাদার সহায়তা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ।”
তিনি আরও বলেন, “মানসিক স্বাস্থ্য নিয়ে সংকোচ ও সামাজিক নেতিবাচক দৃষ্টিভঙ্গি দূর করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মক্ষেত্র ও সমাজের সর্বস্তরে সচেতনতা বাড়ানো প্রয়োজন। পাশাপাশি মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি বৈষম্য না করে তাঁদের স্বাভাবিক জীবনে ফিরে আসার সুযোগ সৃষ্টি করতে হবে।”
অনুষ্ঠানে সিআরপির প্রতিবন্ধী প্রশিক্ষণার্থীসহ প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আয়োজকেরা মনে করেন, মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, পারস্পরিক সহমর্মিতা এবং প্রয়োজনীয় পেশাদার সহায়তা নিশ্চিত করার মাধ্যমে মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের জীবনমান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব।