
চট্টগ্রামের চন্দনাইশে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলমের নির্দেশনায় চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম. দিদারুল ইসলাম সিকদারের নেতৃত্বে গত ৯ অক্টোবর রাত থেকে ১০ অক্টোবর সকাল সাড়ে ৮টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—বরকল ইউনিয়নের সুজন সর্দার, যিনি মাদক মামলায় সাজাপ্রাপ্ত; গাছবাড়িয়া খানহাট এলাকার ব্যবসায়ী কাজী মোহাম্মদ কুদুব উদ্দিন, যিনি চেক ডিজঅনার মামলায় সাজাপ্রাপ্ত; এবং দোহাজারী এলাকার মুহাম্মদ ইউনুস, যিনি বিদ্যুৎ আইনের মামলায় পরোয়ানাভুক্ত।
চন্দনাইশ থানার ওসি এস.এম. দিদারুল ইসলাম সিকদার জানান, গ্রেপ্তার তিন আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।