
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার খাঁড়িতা গ্রামে পুরোনো বাইসাইকেলের ব্যবসা করে দীর্ঘদিন ধরে সুনাম অর্জন করেছেন আলহাজ্ব ইব্রাহীম মল্লিক। নিশিন্তা-চাঁনপাড়া সড়কের পাশে তাঁর দোকানটি স্থানীয় নিম্নআয়ের মানুষ, শিক্ষার্থী ও পুরোনো সাইকেল ব্যবসায়ীদের কাছে আস্থার ঠিকানা হয়ে উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দেশ স্বাধীন হওয়ার পর থেকেই পুরোনো বাইসাইকেল কেনাবেচার সঙ্গে যুক্ত রয়েছেন ইব্রাহীম মল্লিক। দীর্ঘদিনের অভিজ্ঞতা ও নিজের দক্ষতায় তিনি গড়ে তুলেছেন এ ব্যবসাপ্রতিষ্ঠান।
তিনি নওগাঁ থেকে পাইকারি দামে ব্যবহারের অনুপযোগী পুরোনো বাইসাইকেল সংগ্রহ করেন। পরে নিজ হাতে সেগুলো মেরামত করে আবারও ব্যবহারের উপযোগী করে তোলেন। পেশায় তিনি নিজেই একজন দক্ষ সাইকেল মেকার। তাঁর কাজের মান ও সুনামের কারণে আশপাশের বিভিন্ন এলাকার ছোট ব্যবসায়ীরাও তাঁর দোকান থেকে পাইকারি দামে সাইকেল কিনে নিয়ে যান।
প্রতিদিন সকালে দোকানের সামনে সারি সারি পুরোনো বাইসাইকেল সাজিয়ে ক্রেতাদের অপেক্ষায় বসে থাকেন ইব্রাহীম মল্লিক। রাস্তার পাশে সারিবদ্ধভাবে রাখা রং-বেরঙের শত শত বাইসাইকেল পথচারীদের দৃষ্টি আকর্ষণ করে।
আলহাজ্ব ইব্রাহীম মল্লিক বলেন, “আমার দোকানে সব সময় ৪০০ থেকে ৫০০টি পুরোনো বাইসাইকেল মজুত থাকে। গরিব মানুষ ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের কথা চিন্তা করে কম দামে সাইকেল বিক্রি করি। আমার দোকানে সর্বনিম্ন ১ হাজার ৫০০ টাকা থেকে সর্বোচ্চ ৩ হাজার ৫০০ টাকার মধ্যে বিভিন্ন ধরনের বাইসাইকেল পাওয়া যায়।”
স্বল্প আয়ের মানুষের সাধ্যের মধ্যে বাইসাইকেল কেনার সুযোগ করে দেওয়ায় এলাকায় তাঁর এ উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে। দীর্ঘদিনের অভিজ্ঞতা, নিজ হাতে সাইকেল মেরামতের দক্ষতা এবং সাশ্রয়ী মূল্যে বিক্রির মাধ্যমে ইব্রাহীম মল্লিক স্থানীয় মানুষের কাছে পুরোনো বাইসাইকেল কেনাবেচার একজন বিশ্বস্ত ব্যবসায়ী হিসেবে পরিচিতি পেয়েছেন।