
উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী ১৩তম রূহানীনগর বার্ষিক ইজতেমা উপলক্ষে লালমনিরহাটের জেলা প্রশাসকের কাছে অবগতি পত্র প্রদান করেছেন বাংলাদেশ মুসাফির কাফেলার আমীর ও রূহানীনগরের পীর সাহেব মাওলানা মুফতি মোঃ আব্দুর রহমান কারীমী।
রোববার (১১ অক্টোবর) ইজতেমা আয়োজনের বিষয়ে জেলা প্রশাসককে অবহিত করতে এ পত্র প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মুসাফির কাফেলার নায়েবে আমীর হাফেজ মাওলানা কাজী আবু নাঈম সিদ্দিকী।
আয়োজক সূত্রে জানা গেছে, আগামী ৩, ৪ ও ৫ ডিসেম্বর ২০২৬ (বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার) তিন দিনব্যাপী এ ইজতেমা অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ। ইজতেমার আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে ৬ ডিসেম্বর, রোববার সকাল ১০টায়।
ইজতেমায় সভাপতিত্ব করার কথা রয়েছে প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ, গবেষক, আধ্যাত্মিক ব্যক্তিত্ব এবং রূহানী কাব্যসহ সহস্রাধিক ধর্মীয় কিতাবের লেখক রূহানী শাইখ আলহাজ্ব হযরত মাওলানা এমামুদ্দীন মোঃ ত্বহার। তিনি চরমোনাই কামিল মাদ্রাসার অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন।
প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার কথা রয়েছে আলহাজ্ব হযরত মাওলানা মুফতি মাহমুদুল হোসাইন অলিউল্লাহর (এমপি), যিনি বরগুনার পীর সাহেব হিসেবে পরিচিত এবং বরগুনা-১ আসনের সংসদ সদস্য। এ ছাড়া স্থানীয় ও আমন্ত্রিত দেশবরেণ্য ওলামায়ে কেরাম ও পীর-মাশায়েখগণ ইজতেমায় ধর্মীয় আলোচনা ও নসিহত পেশ করবেন।
আয়োজকরা জানান, বাংলাদেশ মুসাফির কাফেলা একটি অরাজনৈতিক দ্বীনি সংগঠন। ইজতেমাটি শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন করতে সর্বস্তরের মানুষের দোয়া, আর্থিক সহায়তা ও সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে।
এ বিষয়ে জামিয়া কারীমিয়া রূহানিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক মুফতি আব্দুর রহমান কারীমী বলেন, সকল ভেদাভেদ ভুলে দ্বীনি এ আয়োজনে সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হচ্ছে। সবার সম্মিলিত সহযোগিতায় ইজতেমাটি সুন্দর ও সফলভাবে সম্পন্ন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ইজতেমার সহযোগিতায় আর্থিক অনুদান পাঠানোর জন্য আয়োজকদের পক্ষ থেকে বিকাশ ও নগদ পার্সোনাল নম্বর ০১৮২৭১০৪৮৭১ দেওয়া হয়েছে।