সিরাজগঞ্জের শাহজাদপুরে ১৫ পিস ইয়াবাসহ মোঃ মনির শেখ (৩১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গত ১০ অক্টোবর (শনিবার) রাতে পৌর সদরের ইসলামপুর রামবাড়ী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মনির শেখ শাহজাদপুর পৌর এলাকার ইসলামপুর রামবাড়ী গ্রামের মৃত সামাদ শেখের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১০ অক্টোবর রাত ১০টা ৫৫ মিনিটে শাহজাদপুর থানার একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, ইসলামপুর রামবাড়ী এলাকায় কয়েকজন ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে রাত ১১টা ২৫ মিনিটে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মনির শেখ পালানোর চেষ্টা করলে পুলিশ সদস্যরা তাকে ঘেরাও করে গ্রেপ্তার করেন। পরে স্থানীয় নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে তার দেহ তল্লাশি করে পরিহিত পোশাক থেকে ১৫ পিস ইয়াবা, যার মোট ওজন ১ দশমিক ৫ গ্রাম, উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা ইয়াবা জব্দ তালিকাভুক্ত করা হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনির শেখ দীর্ঘদিন ধরে শাহজাদপুর ও আশপাশের এলাকায় গোপনে ইয়াবা কেনাবেচার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শাহজাদপুর থানায় মামলা করা হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় শাহজাদপুর উপজেলাকে মাদকমুক্ত করতে পুলিশের অভিযান ও নিয়মিত টহল অব্যাহত থাকবে।
ই-পেপার
সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান