মানিকগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, ভূমিকম্প ও অগ্নিকাণ্ডবিষয়ক মহড়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দুর্যোগের ঝুঁকি হ্রাস, জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় ভূমিকম্প ও অগ্নিকাণ্ড মোকাবিলায় বাস্তবধর্মী মহড়া পরিচালনা করে মানিকগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। মহড়ায় দুর্যোগকালীন পরিস্থিতিতে করণীয় এবং উদ্ধার কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
এবারের আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের প্রতিপাদ্য— ‘আমরা শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’। প্রতিপাদ্যকে সামনে রেখে দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি, জনসচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত উদ্যোগের মাধ্যমে ক্ষয়ক্ষতি কমিয়ে আনার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আলী। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খায়রুল ইসলাম এবং মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস।
বক্তারা বলেন, প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে জনসচেতনতা, আগাম প্রস্তুতি এবং প্রশিক্ষণের বিকল্প নেই। দুর্যোগের সময় আতঙ্কিত না হয়ে প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগানো এবং সম্মিলিতভাবে উদ্ধার কার্যক্রমে অংশ নেওয়ার মাধ্যমে জানমালের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব।
দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি এবং নিরাপদ সমাজ গড়ে তুলতে এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।
ই-পেপার
সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান