
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি এবং নিষিদ্ধ স্যাম্পল ওষুধ রাখার দায়ে তিনটি ফার্মেসিকে মোট ২৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৩ অক্টোবর) উপজেলার বিভিন্ন ফার্মেসিতে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে বিসমিল্লাহ ফার্মেসিকে ৩ হাজার টাকা, সেবা ফার্মেসিকে ৩ হাজার টাকা এবং জামতলা এলাকার সুপার ফার্মাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর ৪০(গ) ধারায় এসব জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভূরুঙ্গামারী উপজেলা ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. জামিলুর ইসলাম। এ সময় কুড়িগ্রামের ড্রাগ সুপার হাফিজুর রহমান এবং বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি (বিসিডিএস), ভূরুঙ্গামারী উপজেলা শাখার সভাপতি মো. নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার (ভূমি) মো. জামিলুর ইসলাম বলেন, অভিযানে ফার্মেসিগুলোতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি এবং সাধারণ মানুষের কাছে বিক্রির জন্য অনুমোদিত নয়—এমন চিকিৎসকের নমুনা ওষুধ রাখার অনিয়ম পাওয়া যায়। এসব অপরাধে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করা হয়েছে।
অভিযানের পর ওষুধ ব্যবসায়ীদের সতর্ক করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন বিসিডিএসের ভূরুঙ্গামারী উপজেলা শাখার সভাপতি মো. নজরুল ইসলাম। পোস্টে তিনি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ, নকল, সরকারি ও স্যাম্পল ওষুধ না রাখা এবং ট্রেড লাইসেন্স ও ড্রাগ লাইসেন্স হালনাগাদ রাখার আহ্বান জানান।
পাশাপাশি জনস্বার্থ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ওষুধ ব্যবসায়ীদের আইন ও বিধিবিধান মেনে ব্যবসা পরিচালনার অনুরোধ করেন তিনি।