
বান্দরবানের লামায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী ১০০ পরিবারের মাঝে বস্ত্র ও উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) লামা রিপোর্টার্স ক্লাবের হলরুমে এ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বী পরিবারের সদস্যদের হাতে শুভেচ্ছা উপহার ও বস্ত্র তুলে দেন লামা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী এবং পৌরসভা যুবদলের সদস্যসচিব মো. শফিকুল ইসলাম।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা কেন্দ্রীয় হরিমন্দিরের সাধারণ সম্পাদক ও দুর্গাপূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বাবু বিধান দাশ। এ ছাড়া উপস্থিত ছিলেন সাংবাদিক এস কে খগেশপ্রতি চন্দ্র খোকন, লামা কেন্দ্রীয় হরিমন্দির গীতা শিক্ষা নিকেতন পরিচালনা কমিটির কার্যকরী সদস্য বিপ্লব দাস, চুমকি বণিক ও মিন্টু কর্মকারসহ অন্যরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সব ধর্মের মানুষের সম্মিলিত অংশগ্রহণে শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে উদযাপন করতে হবে। এ সময় তাঁরা পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ অটুট রাখার আহ্বান জানান।
উপহার সামগ্রী বিতরণ শেষে মো. শফিকুল ইসলাম বলেন, “প্রতিবছরের মতো এ বছরও লামা উপজেলায় শারদীয় দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। অতীতেও আপনাদের পাশে ছিলাম, বর্তমানে আছি এবং ভবিষ্যতেও সুখে-দুঃখে আপনাদের পাশে থেকে সেবা করে যেতে চাই।”
তিনি আরও বলেন, সকল সম্প্রদায়ের মানুষের সঙ্গে সম্প্রীতি বজায় রেখে এলাকার উন্নয়ন ও জনসেবামূলক কর্মকাণ্ডে পাশে থাকার প্রত্যাশা করেন তিনি।