লালমনিরহাটের হাতীবান্ধায় জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) বিকেলে হাতীবান্ধা উপজেলার ঐতিহ্যবাহী কুমড়িরহাট স্কুল অ্যান্ড কলেজ মাঠে বেলুন ও ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের ক্রীড়াঙ্গনের অন্যতম পৃষ্ঠপোষক। তাঁর স্মৃতিকে ধরে রাখতে এবং যুবসমাজকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলামুখী করতে এ আয়োজন করা হয়েছে। খেলাধুলাই পারে একটি সুস্থ ও সুন্দর জাতি গঠন করতে।”
অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, কুমড়িরহাট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং এলাকার বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টের উদ্বোধনী দিনে দুটি শক্তিশালী দলের মধ্যে একটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচটি উপভোগ করতে মাঠের চারপাশে দর্শকদের ব্যাপক সমাগম ঘটে। উৎসবমুখর পরিবেশে খেলোয়াড়দের অংশগ্রহণ ও দর্শকদের উচ্ছ্বাসে পুরো মাঠ প্রাণবন্ত হয়ে ওঠে।
আয়োজক কমিটি জানায়, টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করবে। নকআউট পদ্ধতিতে প্রতিযোগিতাটি পরিচালিত হবে। আয়োজকদের আশা, এ টুর্নামেন্টের মাধ্যমে স্থানীয় পর্যায়ে ফুটবলের প্রসার ঘটবে এবং তরুণ প্রজন্ম খেলাধুলার প্রতি আরও উৎসাহিত হবে।
মোঃ মফিজুল ইসলাম
স্টাফ রিপোর্টার, লালমনিরহাট
দৈনিক জনতার দেশকণ্ঠ
ই-পেপার
সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান