জয়পুরহাট সদর উপজেলার ভাদসা ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থানীয় ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করা, শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করা এবং তরুণদের সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টির লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুর ১২টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ভাদসা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী প্রকৌশলী আব্দুল বাতেনের আয়োজনে এ ক্রীড়া সামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট-১ (জয়পুরহাট সদর ও পাঁচবিবি) আসনের সংসদ সদস্য মো. ফজলুর রহমান সাঈদ।
এ সময় ভাদসা ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি, স্থানীয় ক্লাবের সদস্য, শিক্ষার্থী, ক্রীড়াপ্রেমী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খেলাধুলা তরুণদের মধ্যে শৃঙ্খলাবোধ, পারস্পরিক সহযোগিতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশেও সহায়তা করে।
তারা সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থী ও তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি স্থানীয় পর্যায়ে ক্রীড়াচর্চার পরিবেশ আরও সম্প্রসারণের আহ্বান জানান।
ই-পেপার
সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান