মানিকগঞ্জের দৌলতপুরে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি এবং নিয়মবহির্ভূতভাবে অন্য জেলার ক্রেতার কাছে সার বিক্রির দায়ে হাবিবুর রহমান নামে এক সাব-ডিলারকে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় উদ্ধার করা ১১ বস্তা সার ঘটনাস্থলেই ন্যায্যমূল্যে কৃষকদের কাছে বিক্রি করা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট ডিলারের লাইসেন্স বাতিলের প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে।
দণ্ডপ্রাপ্ত হাবিবুর রহমান দৌলতপুর বাজারের ‘মেসার্স দীপু ট্রেডার্স’-এর সাব-ডিলার।
শুক্রবার (১৬ অক্টোবর) সকালে দৌলতপুর বাজারে এ ঘটনা ঘটে। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রবীর বিশ্বাস।
স্থানীয় সূত্রে জানা যায়, টাঙ্গাইল জেলা থেকে আসা এক ক্রেতা দৌলতপুর বাজারের ওই সাব-ডিলারের দোকান থেকে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ১১ বস্তা সার কেনেন। সার নিয়ে যাওয়ার পথে সমেতপুর এলাকায় স্থানীয় বাসিন্দারা বিষয়টি জানতে পেরে ক্রেতাসহ সংশ্লিষ্টদের আটক করেন। খবর পেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পান। এ সময় অভিযুক্ত সাব-ডিলার নিজের অপরাধ স্বীকার করেন বলে জানা গেছে।
পরে নিয়মবহির্ভূতভাবে অন্য জেলার ক্রেতার কাছে সার বিক্রি এবং অতিরিক্ত মূল্য নেওয়ার দায়ে ভ্রাম্যমাণ আদালত তাঁকে ২ লাখ টাকা জরিমানা করেন। উদ্ধার করা ১১ বস্তা সার তাৎক্ষণিকভাবে উপস্থিত কৃষকদের কাছে ন্যায্যমূল্যে বিক্রি করা হয়।
উল্লেখ্য, ঘটনার মাত্র এক দিন আগে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সভাপতিত্বে দৌলতপুর উপজেলার সব ডিলার ও সাব-ডিলারকে নিয়ে একটি সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সার বিক্রিতে বিভিন্ন অনিয়ম ও অভিযোগ নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নেওয়ার বিষয়ে সতর্ক করা হয়েছিল।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রবীর বিশ্বাস অভিযানের মাধ্যমে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতে কোনো ডিলার বা সাব-ডিলার সার বিক্রিতে অনিয়ম করলে তাঁদের বিরুদ্ধে আরও কঠোর আইনগত ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
ই-পেপার
সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান