প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে আদিতমারী ও কালীগঞ্জে পূজার উপহার বিতরণ
লালমনিরহাটের আদিতমারী ও কালীগঞ্জ উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৬০০ অসহায় ও দুস্থ সনাতন ধর্মাবলম্বী পরিবারের মাঝে উপহার বিতরণ করেছেন লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব রোকন উদ্দিন বাবুল। শুক্রবার (১৬ অক্টোবর) দিনব্যাপী দুই উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে গিয়ে তিনি এসব উপহার বিতরণ করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে এসব উপহার বিতরণ করা হয়। এ উদ্যোগের মাধ্যমে দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি এবং সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকেরা।
উপহার বিতরণকালে সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল বলেন, “আমি এমপি হিসেবে নয়, আপনাদের ভাই ও সন্তান হিসেবে পাশে থাকতে এসেছি। প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে আমার হিন্দু ভাই-বোনদের জন্য পূজার শুভেচ্ছা নিয়ে এসেছি। আপনারা নির্ভয়ে ও আনন্দের সঙ্গে পূজা উদযাপন করবেন। আপনাদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা পাশে থাকব।”
তার বক্তব্যের সময় উপস্থিত লোকজন করতালি দিয়ে সমর্থন জানান। এ সময় কয়েকজন বয়োজ্যেষ্ঠ নারীও তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এমপি রোকন উদ্দিন বাবুল বলেন, এ উদ্যোগের উদ্দেশ্য শুধু উপহার বিতরণ নয়; বরং সব ধর্মের মানুষের মধ্যে ভালোবাসা, পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতির বন্ধন আরও জোরদার করা। ধর্ম যার যার, উৎসব সবার—এই চেতনায় সবাইকে একসঙ্গে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
উপহার পেয়ে এক বয়োজ্যেষ্ঠ নারী বলেন, “বাবুল এমপি আমাদের খোঁজখবর রাখেন। তারেক রহমানের পক্ষ থেকে উপহার পেয়ে আমরা খুব খুশি।”
উপহার বিতরণ অনুষ্ঠানে আদিতমারী ও কালীগঞ্জ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল এবং পূজা উদযাপন পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: মোঃ মফিজুল ইসলাম
স্টাফ রিপোর্টার, লালমনিরহাট
তারিখ: ১৬ অক্টোবর ২০২৬
ই-পেপার
সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান