
দেড় বছরে অন্তর্বর্তী সরকার দেশের যে ক্ষতি করেছে, তা ভাষায় বর্ণনা করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপি। তিনি বলেন, বিভিন্ন ধরনের চক্রান্তের মাধ্যমে দীর্ঘদিন ক্ষমতায় থাকার পরিকল্পনা করা হয়েছিল। তবে জনগণ তা হতে দেয়নি।
শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে জামালপুরের বকশীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সামাজিক সুরক্ষা প্রদান ও বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকারের ১৭ বছরের শাসনামলে দেশের ক্ষতি হয়েছে। এর পাশাপাশি গত দেড় বছরে অন্তর্বর্তী সরকারের সময়েও ব্যাপক ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন। প্রশাসনে দায়িত্ব পালনকারীরা এসব বিষয়ে অবগত থাকার কথা বলেও মন্তব্য করেন তিনি।
দেশের গ্যাসসংকট প্রসঙ্গে এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, এ সংকট নিরসনে প্রায় এক বছর সময় লাগতে পারে। তবে যতটুকু সম্ভব আমদানি করে সরকার গ্যাস সরবরাহ অব্যাহত রাখছে।
তিনি আরও বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পরপরই বিশ্বজুড়ে যুদ্ধ ও সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে। ইরান, ইউক্রেনসহ বিভিন্ন অঞ্চলের সংঘাত এবং বৈশ্বিক পরিস্থিতির প্রভাবে অর্থনৈতিক সংকট তৈরি হয়েছে। এ সংকট শুধু বাংলাদেশের নয়, বরং বিশ্বব্যাপী।
সরকারবিরোধী আন্দোলন প্রসঙ্গে মন্ত্রী বলেন, কিছু লোক সাধারণ মানুষকে উসকে দিয়ে অকারণে সরকারের বিরুদ্ধে আন্দোলন করার চেষ্টা করছে। তিনি এ ধরনের তৎপরতা ও বিভ্রান্তিকর প্রচারণা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
সাংবাদিকদের সহযোগিতা কামনা করে তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম বর্তমানে তথ্য আদান-প্রদানের গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। তবে এ মাধ্যম ব্যবহার করে অপপ্রচার, গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর প্রবণতা রয়েছে। তাই কোনো তথ্য যাচাই না করে প্রচার করা উচিত নয়। তিনি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, দায়িত্বশীল আচরণ ও গঠনমূলক মতপ্রকাশের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন। এ সময় সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম, দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জোনাঈদ আফ্রিদ, বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিছুজ্জামান গামা, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাকিল তালুকদার, উপজেলা যুবদলের আহ্বায়ক আবদুল্লাহ সওদাগর বিপ্লবসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে মন্ত্রী পূজামণ্ডপের জন্য সরকারি সহায়তা প্রদান, শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ এবং অসহায় ও দরিদ্র মানুষের হাতে অনুদানের চেক তুলে দেন।