মানিকগঞ্জের দৌলতপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬-এর আওতায় যমুনা নদীতে অবৈধভাবে মাছ ধরার বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে প্রায় ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। জব্দ করা জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ লাখ টাকা।
শনিবার (১৭ অক্টোবর) জেলা মৎস্য কর্মকর্তা শেখ মনিরুল ইসলাম মনিরের নেতৃত্বে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় এ অভিযান পরিচালনা করেন দৌলতপুর উপজেলা মৎস্য কর্মকর্তা সুরাইয়া আক্তার তন্নী। এ সময় উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমানসহ মৎস্য দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অভিযানকালে যমুনা নদী থেকে মৎস্য সম্পদের জন্য ক্ষতিকর অবৈধ কারেন্ট জাল ও ইলিশ মাছ জব্দ করা হয়। পরে স্থানীয় জনসম্মুখে জব্দ করা কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। অন্যদিকে, জব্দ করা ইলিশ মাছ স্থানীয় এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়।
উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা গেছে, মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করা, ইলিশের উৎপাদন বৃদ্ধি এবং দেশের মৎস্যসম্পদ সংরক্ষণের লক্ষ্যে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ পরিচালনা করা হচ্ছে।
মৎস্যসম্পদ রক্ষায় অবৈধভাবে মাছ ধরা বন্ধ করতে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা মৎস্য দপ্তর।
ই-পেপার
সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান