লালমনিরহাট জেলা পরিষদের তত্ত্বাবধানে চলমান ঢালাইসহ বিভিন্ন উন্নয়নকাজের গুণগত মান ও অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেছেন জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক। শনিবার (১৭ অক্টোবর) দিনভর জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প এলাকা ঘুরে তিনি এসব কাজের অগ্রগতি ও নির্মাণমান পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী, সহকারী প্রকৌশলী, স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ, ঠিকাদারদের প্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক বলেন, “উন্নয়নের ধারাবাহিকতায় মানসম্মত কাজ নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার। জনগণের টাকায় কোনো নিম্নমানের কাজ মেনে নেওয়া হবে না। নির্ধারিত নিয়ম ও মানদণ্ড অনুসরণ করে যথাযথভাবে প্রতিটি কাজ সম্পন্ন করতে হবে। আমি নিজে মাঠে থেকে এসব কাজের তদারকি করব।”
তিনি আরও বলেন, নির্মাণকাজে সিমেন্ট, বালু, খোয়া ও রডসহ প্রয়োজনীয় উপকরণের নির্ধারিত অনুপাত ও গুণগত মান বজায় রাখতে হবে। কোনো ঠিকাদারের বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
উন্নয়নকাজের তদারকিতে প্রশাসককে সরাসরি মাঠে পেয়ে সন্তোষ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের প্রত্যাশা, এ ধরনের নিয়মিত পরিদর্শন ও নজরদারির মাধ্যমে নির্মাণকাজে স্বচ্ছতা নিশ্চিত হবে এবং সরকারি অর্থের যথাযথ ব্যবহার হবে। পাশাপাশি টেকসই উন্নয়নকাজ বাস্তবায়নের পথ আরও সুগম হবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।
জেলা পরিষদ সূত্রে জানা গেছে, জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি ও গুণগত মান যাচাইয়ে সরেজমিন পরিদর্শন অব্যাহত রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। নির্ধারিত নীতিমালা অনুসরণ করে কাজ সম্পন্ন হচ্ছে কি না, তা তদারকির মাধ্যমে নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
সংশ্লিষ্টদের মতে, নিয়মিত তদারকি, নির্মাণসামগ্রীর মান যাচাই এবং অনিয়মের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হলে জেলা পরিষদের উন্নয়নকাজে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা সহজ হবে।
ই-পেপার
সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান