জামালপুরের মেলান্দহে ৮৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ হোসেন আলী (৪৯) নামে এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-১)। পরে শনিবার (১৭ অক্টোবর) দুপুরে তাঁকে আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে মেলান্দহ উপজেলার ফুলকোচা এলাকায় অভিযান চালায় ডিবি-১-এর একটি দল। এসআই আপেল মাহমুদের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ফুলকোচা গ্রামের মঞ্জুরুল ইসলামের ইটভাটার সামনে থেকে ৮৩ পিস ইয়াবাসহ হোসেন আলীকে আটক করা হয়।
গ্রেপ্তার হোসেন আলী ফুলকোচা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি। তিনি ওই গ্রামের মৃত হযরত আলীর ছেলে।
জামালপুর ডিবি-১-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুর রহমান তালুকদার জানান, ইয়াবাসহ গ্রেপ্তারের ঘটনায় হোসেন আলীর বিরুদ্ধে মেলান্দহ থানায় মামলা করা হয়েছে। পরে তাঁকে আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এদিকে দলের একজন নেতার মাদকসহ গ্রেপ্তারের ঘটনায় সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ফুলকোচা ইউনিয়ন বিএনপি। সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি মো. জহুরুল ইসলাম বলেন, দলের পরিচয়ে থেকে এ ধরনের অপরাধ করার কোনো সুযোগ নেই। জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে আলোচনা করে হোসেন আলীর বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে দল কাউকে ছাড় দেবে না।
ই-পেপার
সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান