দীর্ঘদিনের দাবি পূরণে নতুন উদ্যোগ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের আশা এলাকাবাসীর
লালমনিরহাটে কুমড়ীরহাট-গোড়ল সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। রোববার (১৮ অক্টোবর) সকালে বৃহত্তর রংপুর অঞ্চলের জেলাসমূহের পল্লী উন্নয়ন অবকাঠামো উন্নয়ন প্রকল্প (GRRIIP)-এর আওতায় সড়কটির উন্নয়নকাজের উদ্বোধন করেন লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য মোঃ রোকন উদ্দিন বাবুল।
প্রকল্পের আওতায় কুমড়ীরহাট-গোড়ল ইউনিয়ন পরিষদ সড়কের ৩১০০ থেকে ৪৬৫০ মিটার চেইনেজ পর্যন্ত অংশের উন্নয়নকাজ বাস্তবায়ন করা হবে।
স্থানীয়দের দীর্ঘদিনের দাবি ছিল সড়কটির উন্নয়ন। সড়কটি উন্নত হলে কুমড়ীরহাট থেকে গোড়ল পর্যন্ত যাতায়াত আরও সহজ হবে বলে আশা করছেন এলাকাবাসী। পাশাপাশি কৃষকদের উৎপাদিত ফসল সহজে বাজারজাত করা, শিক্ষার্থীদের যাতায়াত এবং অসুস্থ রোগীদের দ্রুত হাসপাতালে নেওয়ার ক্ষেত্রে সড়কটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সংসদ সদস্য মোঃ রোকন উদ্দিন বাবুল বলেন, “এই সড়কটি এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল। গ্রামের উন্নয়নই আমাদের মূল লক্ষ্য। এই সড়ক নির্মাণে কোনো অনিয়ম সহ্য করা হবে না। কাজের গুণগত মান ঠিক রাখতে হবে।”
অনুষ্ঠানে উপজেলা প্রকৌশলী, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।
সড়কটির উন্নয়নকাজ শুরু হওয়ায় এলাকাবাসীর মধ্যে আশাবাদ তৈরি হয়েছে। তারা কাজটি যথাযথ মান বজায় রেখে দ্রুত সম্পন্ন করার প্রত্যাশা ব্যক্ত করেছেন।
ই-পেপার
সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান